প্রযুক্তি ডেস্ক :
স্মার্টফোনের দাম বাড়ায় অনেক ক্রেতাই এখন নতুন ফোনের পরিবর্তে ব্যবহৃত বা রিফার্বিশড ডিভাইসের দিকে ঝুঁকছেন। তবে পুরনো ফোন কেনার ক্ষেত্রে প্রতারণা কিংবা চোরাই ডিভাইসের ফাঁদে পড়ার আশঙ্কা থাকে। এ ধরনের ঝুঁকি কমাতে ফোনের আইএমইআই নম্বর যাচাই করা জরুরি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহৃত ফোন কেনার আগে ডিভাইসটির বাহ্যিক অবস্থা, দৃশ্যমান ত্রুটি এবং আগের ব্যবহার সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। পাশাপাশি বিক্রেতার কাছ থেকে ফোনটির আইএমইআই নম্বর সংগ্রহ করে সেটির বৈধতা যাচাই করা উচিত।
আইএমইআই নম্বর কী
আইএমইআইয়ের পূর্ণরূপ ‘ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি’। প্রতিটি মোবাইল ফোনের জন্য নির্ধারিত ১৫ সংখ্যার এই কোড ডিভাইসটিকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহৃত হয়। একাধিক ফিজিক্যাল সিম ব্যবহারের সুবিধা থাকা ফোনে সাধারণত প্রতিটি সিমের জন্য আলাদা আইএমইআই নম্বর থাকে।
মোবাইল নেটওয়ার্কে ডিভাইস শনাক্ত ও নিবন্ধনের ক্ষেত্রে নম্বরটি গুরুত্বপূর্ণ। ফোন হারিয়ে গেলে বা চুরি হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে আইএমইআই নম্বরের মাধ্যমে ডিভাইসটি ব্ল্যাকলিস্ট করার অনুরোধ জানানো যায়।
যেভাবে আইএমইআই নম্বর খুঁজে পাবেন
ফোনের আইএমইআই নম্বর জানার কয়েকটি সহজ উপায় রয়েছে। মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করলেই সাধারণত স্ক্রিনে নম্বরটি দেখা যায়। এ ছাড়া ফোনের সেটিংস, ডিভাইসের প্যাকেট বা বক্স, কেনাকাটার রসিদ এবং মোবাইল নেটওয়ার্ক সেবাদাতার অ্যাকাউন্ট থেকেও নম্বরটি পাওয়া যেতে পারে।
এসব জায়গায় নম্বরটি না পেলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের সহায়তা দলের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
কেনার আগে বিক্রেতার কাছে নম্বর চাইবেন কেন
ব্যবহৃত ফোন কেনার আগে বিক্রেতার কাছ থেকে আইএমইআই নম্বর সংগ্রহ করা উচিত। এই নম্বরের মাধ্যমে ফোনটি চুরি বা হারিয়ে যাওয়ার অভিযোগে তালিকাভুক্ত কি না এবং নির্দিষ্ট মোবাইল নেটওয়ার্কে ব্যবহারের উপযোগী কি না, তা যাচাই করা সম্ভব।
অনলাইনে ফোন কেনার সময় কোনো বিক্রেতা আইএমইআই নম্বর দিতে অস্বীকৃতি জানালে সতর্ক হওয়া প্রয়োজন। এমন আচরণ সন্দেহের কারণ হতে পারে। তবে শুধু আইএমইআই নম্বর জানলেই কোনো ফোন হ্যাক বা ট্র্যাক করা যায় না।
নম্বরটি ব্যক্তিগত বার্তার মাধ্যমে প্রকৃত আগ্রহী ক্রেতার সঙ্গে বিনিময় করা এবং এ-সংক্রান্ত কথোপকথনের প্রমাণ সংরক্ষণ করাও ভালো অভ্যাস।
আইএমইআই যাচাই করবেন যেভাবে
আইএমইআই নম্বর হাতে পাওয়ার পর অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সেটি পরীক্ষা করা যায়। এসব সেবার কিছু বিনামূল্যে পাওয়া যায়, আবার কোনো কোনো সাইটের জন্য ফি দিতে হয়। যাচাইয়ের মাধ্যমে নম্বরটির বৈধতা এবং ফোনটি হারানো বা চুরি যাওয়ার অভিযোগে তালিকাভুক্ত কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে।
তবে অনলাইনে নম্বর যাচাইয়ের জন্য কোনো ওয়েবসাইট ব্যবহারের আগে সেটির বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। অপরিচিত বা সন্দেহজনক সাইটে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। এতে ফিশিং বা অনলাইন প্রতারণার ঝুঁকি এড়ানো সম্ভব।
সব মিলিয়ে, ব্যবহৃত স্মার্টফোন কেনার সময় শুধু বাহ্যিক অবস্থা বা কম দাম দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ফোনটির আইএমইআই নম্বর যাচাই করে বৈধতা ও নেটওয়ার্ক-সংক্রান্ত তথ্য নিশ্চিত হলে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমানো যায়।