নিউজ প্রবাসী ডেক্স :

আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা হারিয়েছে এবং দলটি ভবিষ্যতে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। গত ১৫-১৬ বছরের শাসনকাল, সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, আওয়ামী লীগ দীর্ঘ সময় অগণতান্ত্রিক শাসন চালিয়েছে, গণহত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল এবং গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। তাঁর দাবি, দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে গণতান্ত্রিক চর্চার পরিবর্তে সন্ত্রাস, অগ্নিসংযোগ, গুম ও নির্যাতনের প্রবণতা দেখা গেছে। এসব কর্মকাণ্ডের কারণে দলটি জনগণের কাছে রাজনৈতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন আহমদ আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের কেউ কেউ সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উসকানি দিচ্ছেন। গ্রামাঞ্চলে অগ্নিসংযোগের নির্দেশনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে হামলার ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনাকে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।

সরকারের আইনশৃঙ্খলা রক্ষার নীতি তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় না। শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যা কিংবা নিরপরাধ ব্যক্তিদের আটক করার নীতিতে সরকার বিশ্বাস করে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে আইন অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে।

টুঙ্গিপাড়া থানায় হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে।

থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts