নিউজ প্রবাসী ডেক্স :

ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। জরুরি চাহিদা পূরণে আরও ৩ লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে চাপ সৃষ্টি হয়। এর ফলে দেশেও জ্বালানি সরবরাহে সংকট দেখা দেয় এবং বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।
এই পরিস্থিতি মোকাবেলায় সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে। এর আগে কাজাখস্তান থেকে এক লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ বিভিন্ন উৎস থেকে মোট ১৭ লাখ টন জ্বালানি আমদানির পরিকল্পনাও রয়েছে।
বর্তমানে দেশে বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানির চাহিদা রয়েছে। এর বড় অংশই আমদানির ওপর নির্ভরশীল। চলতি মাসে ডিজেলের চাহিদা প্রায় ৪ লাখ টন, যা মেটাতে সরকার ধারাবাহিকভাবে আমদানি বাড়াচ্ছে।
এদিকে বৈঠকে দেশের অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ভোলা-বরিশাল সেতু প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ এ সেতু বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts