নিউজ প্রবাসী ডেস্ক:

বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার হয়ে আগুনে পুড়ছে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ। ক্ষতিগ্রস্ত অবস্থায় জাহাজটি ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করলে উদ্ধার অভিযান শুরু করে দেশটির কোস্টগার্ড। এ ঘটনায় জাহাজে থাকা ১৬ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘স্পার্টা-২’ নামের রুশ পতাকাবাহী জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে কালিনিনগ্রাদের উদ্দেশে যাচ্ছিল। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, শনিবার আন্তর্জাতিক জলসীমায় চলার সময় জাহাজটিতে দুটি ড্রোন আঘাত হানে। এতে জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সেটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে।

ফিনল্যান্ডের সামরিক কর্মকর্তাদের ধারণা, ইউক্রেনের পক্ষ থেকে হামলাটি চালানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফিনল্যান্ডের কোস্টগার্ড জানিয়েছে, রাতভর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও রোববার পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। উদ্ধার ও আগুন নেভানোর কাজে ফিনল্যান্ডের পাশাপাশি এস্তোনিয়ার নৌবাহিনীর সদস্যরাও সহযোগিতা করছেন।

ঘটনার পর পূর্ব গালফ অব ফিনল্যান্ড এলাকায় সাময়িকভাবে আকাশ ও সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানের সময় একটি রুশ হেলিকপ্টার দেশটির আকাশসীমা লঙ্ঘন করে থাকতে পারে বলেও জানিয়েছে ফিনল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব এখন প্রতিবেশী দেশগুলোর আশপাশেও ছড়িয়ে পড়ছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts