নিউজ প্রবাসী ডেস্ক :

শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতিতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে এ খাতে উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিদেশি ক্রেতারা নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পোশাকের বাজারমূল্য প্রায় ২৫৪ মিলিয়ন ডলার।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রকাশিত এক প্রাথমিক জরিপে এ তথ্য উঠে এসেছে।

বিজিএমইএ জানায়, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিল্পের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র জানতে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়। এতে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়িক ক্ষতির প্রাথমিক হিসাব পাওয়া গেছে।

জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য অনুযায়ী, বিভিন্ন প্রতিবন্ধকতা ও অস্থিরতার কারণে এসব প্রতিষ্ঠানে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ ছিল। এতে মোট উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার। রপ্তানির এফওবি বা ফ্রি অন বোর্ড মূল্য ধরে এ হিসাব করা হয়েছে।

উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে অধিকাংশ রপ্তানি আদেশ ঝুঁকির মধ্যে রয়েছে। ক্রেতাদের সঙ্গে চুক্তি ধরে রাখতে অনেক কারখানাকে অতিরিক্ত খরচে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। কোথাও কোথাও দিতে হচ্ছে বড় অঙ্কের মূল্যছাড়। পাশাপাশি কিছু ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশি ক্রেতারা ইতোমধ্যে ৫৯ মিলিয়ন পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তর করেছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। বিজিএমইএর মতে, এ ঘটনা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের নির্ভরযোগ্যতা ও আস্থার ওপর নেতিবাচক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।

প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে

বিজিএমইএর ধারণা, জরিপে পাওয়া ক্ষতির পরিমাণ প্রকৃত চিত্রের সম্পূর্ণ প্রতিফলন নয়। সংগঠনটির হিসাবে, অস্থিতিশীলতায় ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। কিন্তু স্বল্প সময়ের জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি প্রতিষ্ঠান। ফলে অনেক কারখানার ক্ষয়ক্ষতি প্রাথমিক হিসাবের বাইরে থেকে গেছে।

এ ছাড়া জরিপে ক্ষতির হিসাব ১৮ নভেম্বর পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। অথচ শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। এ কারণে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

বিজিএমইএ বলছে, এই সংকটের প্রভাব তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘদিনের সুনাম, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ রপ্তানি সম্ভাবনাও হুমকির মুখে পড়ছে। বিপুলসংখ্যক ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার ঘটনাকে শিল্পের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছে সংগঠনটি।

দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত পরিস্থিতির উন্নতি প্রয়োজন বলে মনে করছে বিজিএমইএ। উৎপাদন ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts