
নিউজ প্রবাসী ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন রুহুল কবির রিজভী।
এসময় তিনি মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে বলেন, দলের পার্লামেন্টারি বোর্ড প্রার্থীদের আন্দোলনে ভূমিকা, দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি সবাইকে দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান।
প্রথম দিনেই মনোনয়ন ফরম সংগ্রহ করতে কয়েকশ নারী নেত্রী কার্যালয়ে উপস্থিত হন। নির্ধারিত ফি দিয়ে তারা লাইনে দাঁড়িয়ে ফরম সংগ্রহ করেন, যা নিয়ে তাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ফরম বিক্রি চলবে এবং এই সময়ের মধ্যেই ফরম জমা দিতে হবে।
অন্যদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সেই অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৮ এপ্রিল এবং ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।