
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানী ঢাকা-র পল্টন থেকে রমনা পর্যন্ত সড়কে চলমান খোঁড়াখুঁড়ির কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। জরুরি বৈদ্যুতিক লাইন স্থানান্তরের কাজ চলায় ব্যস্ত এ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জানা গেছে, গত ১৩ এপ্রিল থেকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর অধীনে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা পল্টন মোড় থেকে রাস্তা খোঁড়ার কাজ শুরু করে। ইতোমধ্যে কাকরাইল হয়ে সেগুনবাগিচা মোড় পর্যন্ত সড়কের এক পাশের বড় অংশ খোঁড়া হয়েছে।
এতে আগে থেকেই সরু এই সড়কটি আরও সংকুচিত হয়ে পড়েছে। ফলে গাড়ি চলাচলের লেন কমে গিয়ে যানজট কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সড়ক ব্যবহারকারীরা জানান, অফিস সময়গুলোতে পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ থাকে। বিশেষ করে সকালে যানজটের কারণে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় তুলনামূলক কম যানজট থাকলেও সপ্তাহের অন্যান্য দিন পুরো সড়ক প্রায় অচল হয়ে পড়ে।
কাজে নিয়োজিত শ্রমিকদের ভাষ্য, মাটির নিচে উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্যই এ খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। একই সঙ্গে সড়কের নিচে থাকা অন্যান্য লাইন ও তারের কারণে কাজ দ্রুত এগোচ্ছে না।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজটি আগামী ৩ মে পর্যন্ত চলবে এবং দুই শিফটে কাজ করা হচ্ছে। তবে দিনের বেলায় কাজ চলার কারণে যানজট বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি, এ ধরনের কাজ রাতের বেলায় করা হলে জনভোগান্তি অনেকটাই কমে আসত।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, জরুরি প্রয়োজনেই কাজটি দ্রুত শেষ করার চেষ্টা চলছে এবং যানজট নিয়ন্ত্রণে সহায়তার জন্য আলাদা লোক নিয়োজিত রাখা হয়েছে।