নিউজ প্রবাসী ডেক্স :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহের সময় এক পুলিশ সদস্যকে জরিমানা করায় প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় ঘাটতির বিষয়টি সামনে এসেছে।
জানা যায়, গত ১৬ এপ্রিল সকালে আলমডাঙ্গা থানায় কর্মরত এক পুলিশ সদস্য মোটরসাইকেলে তেল নিতে গেলে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০ টাকা জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহ।
এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য পূর্বে বিকল্প লাইনে জ্বালানি নেওয়ার সিদ্ধান্ত ছিল।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা প্রশাসনের এক সভায় পুলিশ, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ সুবিধা নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে তেল সংগ্রহ করে আসছিলেন।
তবে ঘটনার দিন ওই পুলিশ সদস্য জরুরি প্রয়োজনেই বিকল্প লাইনে তেল নিতে গেলে তাকে জরিমানা করা হয়, যা বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে জেলা পুলিশ।
অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই পুলিশ সদস্য নিয়ম ভেঙে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে তেল নিতে যান, যার কারণে তাকে জরিমানা করা হয়েছে। একই অভিযানে আরও দুই ব্যক্তিকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেছে জেলা পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts