
নিউজ প্রবাসী ডেক্স :
দীর্ঘ দুই দশক পর পৈতৃক ভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দিনব্যাপী নানা কর্মসূচি শেষে বিকেলে তিনি ‘জিয়াবাড়ি’তে যান, যা ঘিরে স্থানীয়দের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সকালেই ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি বগুড়া সার্কিট হাউজে পৌঁছান। এরপর শুরু হয় একের পর এক কর্মসূচি। প্রথমে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন করেন এবং একইসঙ্গে চালু করেন আধুনিক ই-বেইলবন্ড ব্যবস্থা, যা বিচারপ্রার্থীদের জন্য দ্রুত জামিন কার্যক্রম নিশ্চিত করবে।
পরে পৌর ভবনে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন করা হয়। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।
দুপুরে গাবতলীর বাগবাড়িতে গিয়ে তিনি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এবং নারীদের হাতে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। এই কার্ডের মাধ্যমে নারীপ্রধান পরিবারগুলো মাসিক আর্থিক সহায়তা পাবে বলে জানানো হয়।
এরপর নশিপুর এলাকায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিকেলে নিজ পৈতৃক বাড়ি ‘জিয়াবাড়ি’তে পৌঁছালে তাকে এক নজর দেখতে ভিড় করেন আশপাশের মানুষ।
স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে এলাকায় উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। অনেকেই আশা করছেন, দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো উন্নয়ন এবার গতি পাবে।
দিনের শেষদিকে তিনি বিএনপির জনসভায় যোগ দেন এবং অন্যান্য উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।