নিউজ প্রবাসী ডেক্স :

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন-এর মেয়াদ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সরকার দেশের অন্যান্য সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করলেও চট্টগ্রামে এখনো দায়িত্বে রয়েছেন নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে জয়ী এই মেয়র।
মেয়র শাহাদাতের দাবি, তিনি ২০২৪ সালের ৩ নভেম্বর শপথ নেওয়ার পর থেকে পাঁচ বছর দায়িত্বে থাকতে পারবেন। সে অনুযায়ী তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। তবে আইন বিশেষজ্ঞরা এই ব্যাখ্যার সঙ্গে একমত নন।
তাদের মতে, কোনো সিটি করপোরেশনের মেয়াদ গণনা শুরু হয় প্রথম সভার তারিখ থেকে। সেই হিসেবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া পরিষদের মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।
আইনজ্ঞদের ভাষ্য, আদালতের রায়ে পরে দায়িত্ব পেলেও মেয়াদের সময়সীমা বাড়ে না। অর্থাৎ নির্ধারিত পাঁচ বছরের মধ্যেই মেয়াদ সীমাবদ্ধ থাকে। তাই বর্তমান পরিস্থিতিতে মেয়র পদে শাহাদাত থাকবেন নাকি প্রশাসক নিয়োগ হবে—এ সিদ্ধান্ত পুরোপুরি সরকারের ওপর নির্ভর করছে।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিশ্লেষকরা বলছেন, দ্রুত নির্বাচন আয়োজন না করলে প্রশাসনিক অনিশ্চয়তা আরও বাড়তে পারে। একই সঙ্গে নাগরিক সেবার ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts