নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত আইনজীবীরা। কার্যকরী কমিটির ২৩টি পদের সবকটিতেই জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)।
নির্বাচনে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া ৪ হাজার ৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান পেয়েছেন ৪ হাজার ৪৫ ভোট। তাদের প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থীরা কোনো পদেই জয় পেতে পারেননি।
দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শুক্রবার মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন। মোট ২০ হাজার ৭৮৫ ভোটারের মধ্যে ৭ হাজার ৬৯ জন ভোট দেন, যা প্রায় ৩৪ শতাংশ।
এবারের নির্বাচনে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াত আলাদা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচনে অংশ না নেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা ছিল সীমিত।
সহ-সভাপতি, সম্পাদকীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও বিএনপি সমর্থিত প্রার্থীরাই জয়ী হয়েছেন। ফলে পুরো কমিটিতেই তাদের একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে।
২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই ছিল ঢাকা বারের প্রথম নির্বাচন। এর আগে অ্যাডহক কমিটির মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। নতুন নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় সমিতির কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts