নিউজ প্রবাসী ডেক্স:
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, বিয়ের ক্ষেত্রে জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষকে পছন্দ করবেন, যিনি ভালো মনের অধিকারী, নিজের ভুল স্বীকার করতে পারেন এবং কোনো পরিস্থিতিতে অন্যের ওপর দোষ চাপান না। পাশাপাশি রান্না জানা থাকলে সেটি বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করবেন তিনি।
সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত হন সাই পল্লবী। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবে। এ সময় সঞ্চালক অমিতাভ বচ্চন অভিনেত্রীর কাছে জানতে চান, বিয়ের পর জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষকে পছন্দ করবেন তিনি।
জবাবে সাই পল্লবী বলেন, জীবনসঙ্গীকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। অতিরিক্ত আত্মকেন্দ্রিক হওয়া চলবে না। নিজের কাজ ও আচরণ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি জীবনে নিজের অবস্থান বুঝতে পারাও জরুরি। ভুল করলে তা স্বীকার করে সংশোধনের মানসিকতা থাকতে হবে। অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতাও থাকা উচিত নয়। তাঁর চাওয়া খুব বেশি নয়; ভালো মানুষ হলেই যথেষ্ট। তবে রান্না জানলে সেটি বাড়তি সুবিধা।
অনুষ্ঠানে অভিনয়জগতে আসার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা শেষ করে অভিনয়ে যুক্ত হওয়ার পেছনের কারণ জানতে চাইলে তিনি বলেন, ঈশ্বরই তাঁর ভাগ্যে অভিনয় লিখে রেখেছিলেন। তাঁর এমন উত্তরে বিস্ময় প্রকাশ করেন অমিতাভ বচ্চন। পরে রণবীর কাপুর রসিকতা করে বলেন, ঈশ্বরের প্রেসক্রিপশনেই নাকি সাই পল্লবীর অভিনয়ের নির্দেশ ছিল। তাঁর এই মন্তব্যে অনুষ্ঠানে হাসির পরিবেশ তৈরি হয়।
এদিকে নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিতব্য পৌরাণিক কাহিনিনির্ভর ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের ভাবনার পরিবর্তনের কথাও জানিয়েছেন অভিনেত্রী।
সাই পল্লবী বলেন, সাধারণত কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে তিনি ভাবেন, নিজের অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে কী দিতে পারবেন। কিন্তু সীতার মতো চরিত্রের ক্ষেত্রে তাঁর ভাবনা ছিল ভিন্ন। এবার চরিত্রটি থেকে কী শেখা সম্ভব এবং কী জ্ঞান অর্জন করা যায়, সেটিকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। কাজটি শুরু করার আগে সীতামায়ের কাছে প্রার্থনাও করেছেন বলে জানান অভিনেত্রী।
সিনেমাটিতে রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। যশ ও নমিত মালহোত্রার প্রযোজনায় দুই পর্বে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।