নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সংকট দূর করতে ১৮টি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন আবাসন গড়ে তোলার কথা জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।
বুধবার রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতা কর্মীদের নিবাস পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দা ও কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
প্রশাসক বলেন, মিরনজিল্লা, ধলপুর, গণকটুলি, দয়াগঞ্জ, ওয়ারী ও পোস্তগোলাসহ বিভিন্ন এলাকায় এসব ভবন নির্মাণ করা হবে। ইতোমধ্যে প্রকল্পের পরিকল্পনা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু হবে।
তিনি জানান, বর্তমানে অনেক ভবনই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নতুন ভবন নির্মাণের আগে বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।
আবদুস সালাম আরও বলেন, নতুন আবাসন প্রকল্পে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। সেখানে শিশুদের জন্য খেলার মাঠ ও মন্দিরও থাকবে।
এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি গ্যাস বিল পরিশোধে ডিএসসিসির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ৮ ঘণ্টার মধ্যে পরিষ্কার কার্যক্রম শেষ করার নির্দেশ দেন প্রশাসক। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়।
পরিদর্শনকালে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts