নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নতুন চেয়ারম্যান কে হচ্ছেন— তা নিয়ে পুঁজিবাজার অঙ্গনে জোর আলোচনা চলছে। বিভিন্ন নাম সামনে এলেও বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান।
জানা গেছে, বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের স্থলাভিষিক্ত করতে নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মাসুদ খানের নাম অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপন জারি হলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
তবে শুধু মাসুদ খানই নন, আলোচনায় রয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং সাবেক সচিব ফরিদুল ইসলামের নামও।
পুঁজিবাজার সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, বাজারের বাস্তব অভিজ্ঞতা থাকা ব্যক্তিকেই এ মুহূর্তে বিএসইসির নেতৃত্বে আনা প্রয়োজন। সেই বিবেচনায় ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের নামও গুরুত্ব পাচ্ছে। তবে করপোরেট জগতে দীর্ঘ অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের কারণে মাসুদ খান এগিয়ে আছেন বলে আলোচনা রয়েছে।
এদিকে, সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী জানিয়েছেন, তিনি আবার বিএসইসিতে ফিরতে আগ্রহী নন। সরকারের পক্ষ থেকে আগ্রহের বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি অনাগ্রহ প্রকাশ করেছেন।
সম্প্রতি সংসদে বিএসইসি সংশোধনী বিল পাস হওয়ার মাধ্যমে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে ৬৫ বছরের বয়সসীমা তুলে দেওয়া হয়। এরপর থেকেই ৭০ বছরের বেশি বয়সী অভিজ্ঞ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খানের নাম নতুন করে আলোচনায় আসে।
বর্তমানে তিনি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার ছাড়াও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও ম্যারিকো বাংলাদেশের স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts