
নিউজ প্রবাসী ডেক্স :
ঘানা জাতীয় ফুটবল দলের জন্য বিশ্বকাপ শুরুর আগেই এলো দুঃসংবাদ। ভিসা জটিলতার কারণে দলের অন্যতম অভিজ্ঞ মিডফিল্ডার টমাস পার্টি কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না।
ফিফা জানিয়েছে, কানাডা সরকার পার্টির ভিসা আবেদন প্রত্যাখ্যান করায় তিনি যুক্তরাষ্ট্রের বস্টনে থাকা দলের ক্যাম্প থেকে টরন্টোতে যেতে পারছেন না। ফলে পানামার বিপক্ষে ঘানার বিশ্বকাপ মিশনের উদ্বোধনী ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে দলকে।
৩২ বছর বয়সী পার্টির বিরুদ্ধে কয়েকটি যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ রয়েছে। যদিও তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। এ বিষয়ে আগামী বছর আদালতে শুনানির মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।
ফিফা স্পষ্ট করেছে, কোনো দেশের ভিসা বা অভিবাসন নীতিতে তাদের হস্তক্ষেপের সুযোগ নেই। স্বাগতিক দেশের সরকারই সিদ্ধান্ত নেয় কে প্রবেশের অনুমতি পাবে এবং কে পাবে না।
তবে প্রথম ম্যাচ মিস করলেও বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে না পার্টির জন্য। গ্রুপ পর্বের পরবর্তী দুটি ম্যাচে তার খেলার সুযোগ রয়েছে। তাই ঘানার কোচিং স্টাফ আশা করছেন, গুরুত্বপূর্ণ সময়েই দলে ফিরবেন এই মিডফিল্ডার।
এদিকে তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে ভিসা জটিলতা নতুন নয়। এর আগেও কয়েকজন খেলোয়াড়, কর্মকর্তা ও রেফারি বিভিন্ন দেশে প্রবেশ নিয়ে সমস্যায় পড়েছেন। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি অভিবাসন ইস্যুও বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।