যশোর প্রতিনিধি:
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমের দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ফলাফলে যশোরের ইছালী মডেল কলেজের ১৩০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৯ জন। চার পর্বে সম্মিলিত পাসের হার ৬০ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে সপ্তম পর্বে অংশ নেওয়া সব শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছেন।
কলেজের প্রকাশিত ফলাফল অনুযায়ী, দ্বিতীয় পর্বে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ জন। এ পর্বে পাসের হার ৯ দশমিক ৩৮ শতাংশ। তৃতীয় পর্বে ২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৭ জন; পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ।
পঞ্চম পর্বে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৬ জন। এ পর্বে পাসের হার ৪৩ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে সপ্তম পর্বে ৩৩ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। এ পর্বে পাসের হার শতভাগ।
চার পর্ব মিলিয়ে ১৯ জন শিক্ষার্থী এ প্লাস, ৫৪ জন এ, ৫ জন এ মাইনাস এবং একজন বি প্লাস গ্রেড পেয়েছেন।
ফলাফল সম্পর্কে ইছালী মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ শরীফ বলেন, “আমাদের কলেজের কৃষি ডিপ্লোমার ফলাফল বরাবরই ভালো হয়ে থাকে। বিভিন্ন পর্বের এই ফলাফল সন্তোষজনক বলে আমি মনে করি। এ ধারা অব্যাহত থাকলে চূড়ান্তভাবে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে কলেজে নতুনভাবে পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষ আরও সতর্ক ও সচেতন রয়েছে, যাতে শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় থাকে।