নিউজ প্রবাসী ডেক্স :

প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রাখার ঘটনায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার তাকে মন্ত্রণালয়ে ডেকে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা এবং সরকার প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বৈঠকে যোগ দিতে রোববার দিল্লি পৌঁছান উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তাকে প্রায় আড়াই ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে। পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ওই আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি সফর বাতিল করে দেশে ফিরে আসেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তা-সংক্রান্ত একটি নজরদারি তালিকায় তার নাম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রশাসনিক ত্রুটি শনাক্ত হওয়ার পর তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ততক্ষণে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন।
ঘটনাটি দুই দেশের চলমান কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রত্যাশা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts