
নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার ধানমন্ডিতে চিকিৎসক নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুর ঘটনায় তার স্বামী, শ্বশুর, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলার আবেদন গ্রহণ করে সিআইডিকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন ধীপ্রার স্বামী চিকিৎসক রহমত রশীদ, শ্বশুর বারডেম হাসপাতালের কার্ডিয়াক বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ আব্দুর রশীদ, শাশুড়ি সিদ্দিকা সুলতানা এবং সিমু নাসের। তাদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু, নির্যাতন ও আলামত গোপনের অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী ধীপ্রার আত্মীয় মো. মশিউর রহমান শাহ আদালতে অভিযোগ করেন, বিয়ের পর থেকে ধীপ্রা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। মৃত্যুর আগে তাকে কয়েকদিন একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
আদালত সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার বা তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়ে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এদিকে ধীপ্রার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও চিকিৎসক মহলেও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্বজনরা।