
নিউজ প্রবাসী ডেক্স :
জাতীয় নিরাপত্তা ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ভারতের সঙ্গে থাকা স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতেও অনুরূপ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন বিওপি স্থাপন, স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম চালু, ড্রোন ও থার্মাল ইমেজার ব্যবহারের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।
মন্ত্রী আরও জানান, সীমান্ত হত্যা, পুশইন এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফের যৌথ টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোকে ‘হাই-রিস্ক জোন’ হিসেবে চিহ্নিত করে ২৪ ঘণ্টা নজরদারির আওতায় আনা হয়েছে।
সংসদে দেওয়া তথ্যে তিনি জানান, গত এক বছরে প্রায় ১ হাজার ৯৮০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। একই সময়ে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, আইস ও অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে।