নিউজ প্রবাসী ডেক্স :

টরন্টো স্টেডিয়ামে বিশ্বকাপের ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ১২ বছর পর নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। ম্যাচের নায়ক ছিলেন বদলি হিসেবে মাঠে নামা ডেনিস উন্দাভ, যিনি জোড়া গোল করে দলকে এনে দেন দারুণ এক জয়।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম ধাক্কা খায় জার্মানি। ম্যাচের ৩০তম মিনিটে ফ্রাঙ্ক কেসিয়ের গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। গোল হজমের পর একাধিক আক্রমণ চালিয়েও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি ইউরোপের চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে কোচ ইউলিয়ান নাগেলসমানের কৌশল বদলে যায় ম্যাচের চিত্র। ৬০তম মিনিটে মাঠে নামানো হয় ডেনিস উন্দাভকে। আর এই পরিবর্তনই হয়ে ওঠে জার্মানির টার্নিং পয়েন্ট।
মাঠে নামার মাত্র আট মিনিট পর নাদিম আমিরির ক্রস থেকে ভলিতে গোল করে সমতা ফেরান উন্দাভ। এরপর ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে জার্মানিকে এনে দেন কাঙ্ক্ষিত জয়।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে জার্মানি। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম নকআউট পর্বে জায়গা করে নিল তারা। অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আইভরি কোস্টকে।
ম্যাচ শেষে ফুটবলবিশ্বে আলোচনার কেন্দ্রে ছিলেন ডেনিস উন্দাভ। বদলি নেমে জোড়া গোল করে তিনি প্রমাণ করেছেন, বড় মঞ্চে সুযোগ পেলে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে দেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts