
নিউজ প্রবাসী ডেক্স :
দীর্ঘ ১১৫ দিনের প্রতীক্ষা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। যুদ্ধাবস্থার কারণে পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজটি মঙ্গলবার ভোরে নিরাপদে গুরুত্বপূর্ণ এই নৌপথ পাড়ি দেয়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে ওমান উপসাগরে প্রবেশ করে।
জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, কোনো ধরনের বাধা ছাড়াই প্রণালি অতিক্রম করা সম্ভব হয়েছে। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের পাশাপাশি কারিগরি কিছু কাজ সম্পন্ন করা হবে।
এরপর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে নতুন বাণিজ্যিক যাত্রা শুরু করবে ‘বাংলার জয়যাত্রা’।
গত ফেব্রুয়ারিতে দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি অনিশ্চয়তায় পড়ে। একাধিকবার হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেও অনুমতি না পাওয়ায় ফিরে যেতে হয়েছিল।
জাহাজটিতে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক দীর্ঘ সময় ধরে যুদ্ধের ঝুঁকি ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটান। আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আনাগোনা, বন্দরের কাছে হামলার ঘটনা এবং নিরাপত্তা শঙ্কার মধ্যেও তারা দায়িত্ব পালন করে যান।
অবশেষে প্রয়োজনীয় অনুমতি মেলার পর সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করায় নাবিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ চার মাসেরও বেশি সময় ধরে চলা এক রুদ্ধশ্বাস অধ্যায়ের সমাপ্তি ঘটল ‘বাংলার জয়যাত্রা’র এই যাত্রার মধ্য দিয়ে।