নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। নতুন করে ৮৮৯ জন হাসপাতালে ভর্তি হওয়ায় হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে হামের উপসর্গ নিয়ে ৯২২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৮৮৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩২৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২০৩ জন, বরিশালে ১৩১ জন, ময়মনসিংহে ৬৩ জন, সিলেটে ৫৮ জন, খুলনায় ৫৩ জন, রাজশাহীতে ৪০ জন এবং রংপুর বিভাগে ১৫ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ৯৭ হাজার ৫৩২ জন হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ শুরু হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৭৮ জন এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন।
এদিকে, দেশে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৮ জনে।
বিভাগভিত্তিক উপসর্গজনিত মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৩ জন, সিলেটে ১০১ জন, রাজশাহীতে ৮৯ জন, ময়মনসিংহে ৬৬ জন, চট্টগ্রামে ৫৬ জন, বরিশালে ৪৩ জন, খুলনায় ৩১ জন এবং রংপুর বিভাগে ৯ জন মারা গেছেন।
হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং জ্বর, ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts