প্রযুক্তি ডেস্ক:
চিপ শিল্পে ব্যবহৃত বিরল খনিজের বিকল্প উপাদান উদ্ভাবনে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ কাস্পএআই-এ বড় অঙ্কের বিনিয়োগ করেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং যুক্তরাজ্য সরকারের ‘সভরিন এআই ফান্ড’। নতুন এই অর্থায়নের ফলে মাত্র দুই বছর বয়সী প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ২৬০ কোটি ডলারে উন্নীত হয়েছে।
কেমব্রিজভিত্তিক স্টার্টআপটি এআই প্রযুক্তি ব্যবহার করে এমন নতুন উপাদান আবিষ্কারের চেষ্টা করছে, যা ভবিষ্যতের সেমিকন্ডাক্টর, ব্যাটারি, বিদ্যুৎ অবকাঠামো এবং উন্নত প্রযুক্তি শিল্পে ব্যবহৃত বিরল ও ব্যয়বহুল খনিজের বিকল্প হতে পারে।
এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানটি ‘এআই ম্যাটেরিয়ালস ফাউন্ড্রি’ নামে একটি আন্তর্জাতিক জোট গঠন করেছে। এতে এনভিডিয়া, মেটা, হুন্দাইসহ বিশ্বের ৪৮টিরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা যুক্ত হয়েছে।
কাস্পএআই জানিয়েছে, তাদের এআই প্ল্যাটফর্ম নতুন উপাদান আবিষ্কারের দীর্ঘ গবেষণা প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। একই সঙ্গে চিপ উৎপাদনে ব্যবহৃত ইরিডিয়াম ও রুথেনিয়ামের মতো বিরল ধাতুর ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেও কাজ করবে প্রতিষ্ঠানটি।
কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ড. চ্যাড এডওয়ার্ডস ও অধ্যাপক ম্যাক্স ওয়েলিং এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমান শিল্প ও প্রযুক্তির চাহিদা পূরণে এমন নতুন উপাদান প্রয়োজন, যা এখনো আবিষ্কৃত হয়নি। সেই লক্ষ্যেই এআইকে কাজে লাগিয়ে নতুন সমাধান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন অর্থায়নের মাধ্যমে কাস্পএআই সিঙ্গাপুরে নতুন অফিস চালু করবে। পাশাপাশি কেমব্রিজ, আমস্টারডাম, বার্লিন, টোকিও ও যুক্তরাষ্ট্রে জনবল বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
যুক্তরাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লিজ কেন্ডাল বলেন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট ও শিল্পোন্নয়নের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় এআইভিত্তিক উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতেই সরকার এ ধরনের বিনিয়োগ করছে।
উল্লেখ্য, গত বছর সিরিজ-এ বিনিয়োগ পর্বে ১০ কোটি ডলার সংগ্রহের পর এবার সিরিজ-বি অর্থায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও বড় পরিসরে কার্যক্রম সম্প্রসারণের সুযোগ পেল।