নিউজ প্রবাসী ডেক্স :
দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। সিলেট ও খুলনা মহানগর পুলিশের কমিশনার, চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিসহ মোট ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে চারজন ডিআইজি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পাঁচজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম।
খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে। তবে খুলনা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জে, মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জে, মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জে, শরিফ উদ্দিন আহমেদকে র্যাবে এবং মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পাবনার এসপি মো. ছুফি উল্লাহকে সিআইডিতে, আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার, আ ফ ম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জে, মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জে এবং তাহসিন মাসরুর হোসেন মাসফিকে রংপুর রেঞ্জে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতেই এ রদবদল করা হয়েছে।