নিউজ প্রবাসী ডেক্স :
হবিগঞ্জের চুনারুঘাট থানার একটি হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগের জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইছা। শুনানি শেষে আইনজীবী জানান, দীর্ঘ ২১ মাস পর এ মামলায় জামিন পেলেও ব্যারিস্টার সুমন এখনই কারামুক্ত হচ্ছেন না।
তিনি বলেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার জামিন চূড়ান্ত হলেও বাকি কয়েকটি মামলা এখনও বিচারাধীন এবং চারটি মামলায় হাইকোর্টে রুল শুনানির অপেক্ষায় রয়েছে। ফলে অন্যান্য মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মুক্তি সম্ভব নয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ওই বছরের ১১ সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলায় আরও প্রায় ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts