নিউজ প্রবাসী ডেক্স :
দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পর্যাপ্ত মজুদ, নির্ধারিত আমদানি কার্যক্রম এবং বিকল্প পরিবহনপথের প্রস্তুতি থাকায় নিকট ভবিষ্যতে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে সরকারের দাবি।
বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, বাংলাদেশে ব্যবহৃত পরিশোধিত জ্বালানি তেলের বেশিরভাগই চীন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের বাইরের দেশ থেকে আমদানি করা হয়। ফলে পশ্চিম এশিয়ায় অস্থিরতা দেখা দিলেও পরিশোধিত তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা কম।
তিনি বলেন, দেশে পরিশোধনের জন্য প্রয়োজনীয় অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে প্রচলিত নৌপথে সমস্যা দেখা দিলে বিকল্প রুট ব্যবহারের পরিকল্পনা সরকারের রয়েছে। এ ছাড়া বর্তমানে অপরিশোধিত তেলেরও পর্যাপ্ত মজুদ রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও প্রয়োজন হলে লোহিত সাগর হয়ে তেল আনা সম্ভব। যদিও এতে পরিবহন ব্যয় কিছুটা বাড়তে পারে। পাশাপাশি সম্ভাব্য নতুন বিকল্প পথ নিয়েও সরকার কাজ করছে।
যুগ্মসচিব আরও জানান, আগস্টের মাঝামাঝি দেশে পৌঁছানোর কথা থাকা পরিশোধিত তেলের চালান নির্ধারিত সময়ের আগেই রওনা হতে পারে। তবে বৈশ্বিক সংঘাত আরও তীব্র হলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
গণমাধ্যমে জ্বালানি সংকট নিয়ে প্রকাশিত বিভিন্ন খবরে মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি না করার আহ্বান জানিয়ে মনির হোসেন চৌধুরী বলেন, দায়িত্বশীল সংবাদ পরিবেশনই এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ।