নিউজ প্রবাসী ডেক্স :
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।
মঙ্গলবার পল্লবী থানায় দায়ের করা মামলায় এমপি গাজী নজরুল ইসলামসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ, আমিনুর রহমান ও রাকিবুল হাসান।
মামলার পর আমিনুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ওবায়দুর রহমান তার ভাগ্নির সঙ্গে এমপি নজরুল ইসলামের ব্যক্তিগত সম্পর্কের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হন এমপি। পরে সম্প্রতি একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় ওবায়দুরকে সন্দেহ করে তার ওপর হামলা চালানো হয়। গত ১৪ জুলাই তাকে ডেকে নিয়ে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরিবারের সদস্যদের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত ওবায়দুরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপরও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে এমপি নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রথমে দলীয় নেতাকর্মীরা ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করলেও পরে এমপি নজরুল ইসলাম ফেসবুকে দেওয়া এক পোস্টে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন। পাশাপাশি ভিডিও ধারণ ও অর্থ আদায়ের উদ্দেশ্যে তাকে জিম্মি করার অভিযোগও তোলেন তিনি।
এদিকে ভিডিওকাণ্ডকে কেন্দ্র করে বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts