বিশ্ব ডেস্ক :
যুক্তরাষ্ট্রে ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন চালুর বিষয়ে আদালতের দেওয়া নির্দেশ স্থগিত করতে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। সরকারের এই পদক্ষেপের ফলে বহুল আলোচিত গ্রিন কার্ড লটারির নিবন্ধন শুরুর সময়সূচি নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর একটি ফেডারেল আদালত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ডিভি-২০২৭ কর্মসূচির নিবন্ধন চালুর নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল করার পাশাপাশি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্দেশটি স্থগিত রাখার আবেদন করেছে সরকার।
অভিবাসন ও গ্রিন কার্ডসংক্রান্ত মামলার আইনজীবী কার্টিস মরিসনের বরাতে ইউএ নিউজ জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। একই সঙ্গে আদালতের নির্দেশ কার্যকর হওয়া সাময়িকভাবে বন্ধ রাখার আবেদনও জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২১ অক্টোবরের মধ্যে স্থগিতাদেশের আবেদন বিবেচনা করার জন্য আদালতের কাছে অনুরোধ জানিয়েছিল মার্কিন সরকার। আবেদন নাকচ হলে ২২ অক্টোবরের মধ্যে নবম সার্কিট আপিল আদালতে যাওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের।
তবে আপিল দায়েরের ফলে আগের আদালতের নির্দেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। নিবন্ধন স্থগিত রাখতে হলে সরকারকে পৃথকভাবে স্থগিতাদেশ আদায় করতে হবে। আদালত এ ধরনের আদেশ না দেওয়া পর্যন্ত আগের নির্দেশের কার্যকারিতা বহাল থাকবে।
আদালতের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে ডিভি-২০২৭ লটারির নিবন্ধনের তারিখ ও শর্ত প্রকাশ করতে হবে। ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন শুরু এবং ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচিতদের ফল জানানোর কথা রয়েছে। তবে চলমান আইনি বিরোধের কারণে এই সময়সূচি বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সরকারের আবেদন মঞ্জুর হলে নিবন্ধন শুরুর নির্দেশ সাময়িকভাবে স্থগিত হতে পারে। সে ক্ষেত্রে আবেদনপ্রক্রিয়া শুরু হতে আরও সময় লাগতে পারে। চূড়ান্ত পরিস্থিতি নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের ওপর।
এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গ্রিন কার্ড প্রদানের নিয়ম কঠোর করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ বহাল রাখেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশিদের জন্য সুযোগ বন্ধ
ডাইভারসিটি ভিসা কর্মসূচি বাংলাদেশিদের জন্য ২০১২ সাল থেকে বন্ধ রয়েছে। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ায় দেশটি ডিভি লটারির যোগ্যতা হারায়।
যুক্তরাষ্ট্রে যেসব দেশ থেকে অভিবাসনের হার তুলনামূলক কম, মূলত সেসব দেশের নাগরিকদের জন্য ডাইভারসিটি ভিসা কর্মসূচি চালু করা হয়েছে।
ফলে ডিভি-২০২৭ লটারির নিবন্ধন নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে চলমান এই আইনি লড়াইয়ের দিকে নজর থাকলেও বর্তমান নিয়ম অনুযায়ী বাংলাদেশিরা সরাসরি এই কর্মসূচিতে অংশ নেওয়ার যোগ্য নন।