নিউজ প্রবাসী ডেক্স :
ময়মনসিংহ-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে প্রাণনাশ ও শারীরিক ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
শনিবার সংসদ সদস্যের পক্ষ থেকে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিওতে সংসদ সদস্যকে উদ্দেশ করে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওতে হুমকি দেওয়া ব্যক্তি তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের আটাদার গ্রামের বাসিন্দা মো. সোহরাব হোসেন। স্থানীয়ভাবে তিনি বিএনপির কর্মী হিসেবে পরিচিত।
সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ বলেন, ভিডিওটি দেখার পর তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন। তার দাবি, এলাকায় চাঁদাবাজি বন্ধ হওয়ায় একটি পক্ষ উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টি করতে এমন কর্মকাণ্ডে জড়িয়েছে।
অন্যদিকে, বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার ঘটনাটিকে ব্যক্তিগত বিরোধের ফল বলে দাবি করেছেন। তিনি বলেন, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। ভিডিও প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে সেটি মুছে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে দলীয়ভাবে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts