নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে সড়কে রিকশাভ্যানে দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগের পর ফজল আমিন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে ওমর আলী মাতবর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজল আমিন চট্টগ্রাম মহানগরীর ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন।
নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় একটি স্কুলের সামনে রিকশাভ্যানে দোকান বসানোর কারণে শিক্ষার্থী ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী আগেই সেখানে দোকান না বসানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে শুক্রবার পুনরায় সেখানে দোকান বসানো হলে ফজল আমিন এর কারণ জানতে চান।
ফজল আমিনের ছেলে জোবায়ের হক ইনানের অভিযোগ, এ সময় মো. শাহজাহান ও তার ছেলে তার বাবার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বুকে ধাক্কা দিয়ে মারধর করেন। তিনি জানান, তার বাবার আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। ধাক্কাধাক্কির কিছু সময়ের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ ঘটনায় মো. শাহজাহানকে প্রধান আসামি করে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, সড়কে ভ্যান বসানোকে কেন্দ্র করে এলাকায় চাঁদাবাজিও চলত। তবে পুলিশ জানিয়েছে, এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার কাজী মো. বিধান আবিদ বলেন, ফজল আমিনকে ধাক্কা দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের নেতারাও জানান, সড়কে রিকশাভ্যান বসানো নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধের কথা তারা শুনেছেন। অভিযুক্তের রাজনৈতিক পরিচয়ের চেয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়াই গুরুত্বপূর্ণ বলে মত দেন তারা।

Related Posts