নিউজ প্রবাসী ডেক্স :
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার ও মুখপাত্র সনাতন চক্রবর্তী এ তথ্য জানান। তিনি বলেন, কারাগার থেকে দুই আসামির প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। পরীক্ষার প্রতিবেদনে তাদের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরে এলাকার বাসিন্দা মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।
নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চাঞ্চল্যকর এই চার হত্যাকাণ্ডের তদন্ত করছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে আসামিদের কারাগারের বাইরে আনা হলে হামলা বা মব পরিস্থিতির আশঙ্কা থাকায় কারাগারেই তাদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়।
আদালত ও কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে রংপুর মেডিকেল কলেজের সংশ্লিষ্ট টেকনোলজিস্ট ও সহকারীর উপস্থিতিতে দুই আসামির নমুনা সংগ্রহ করে। সর্বশেষ পরীক্ষার প্রতিবেদনে তাদের শরীরে কোনো ধরনের মাদকের উপস্থিতি শনাক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।