নিউজ প্রবাসী ডেক্স :
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক এক ইউপি সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকর এলাকার ছাত্তার আলী (৪২), আব্দুল মালেক (৪৪) ও আনোয়ার হোসেন (৩২)। তাদের মধ্যে ছাত্তার আলী রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে শংকরপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তিন আসামি হট্টগোল শুরু করেন। পরে নারীটি ঘর থেকে বের হলে তাকে জোরপূর্বক বাড়ির পাশের একটি ঝোপে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার সময় ভুক্তভোগীর স্বামী কর্মসূত্রে ঢাকায় অবস্থান করছিলেন।
ঘটনার তিন দিন পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে জামালপুর সদর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির বিচারকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষ্য ও অন্যান্য উপাত্ত পর্যালোচনা শেষে আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আসামিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জামিল হাসান তাপস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts