নিউজ প্রবাসী ডেক্স:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া পরিবারের সমাধিস্থলে গিয়ে দলীয় নেতাদের সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিয়ে প্রয়াত দুই নেতার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিস্থলে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় বাড়ে। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদল, জাসাসসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান।
এর আগে ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পাঁচ দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি প্রতিষ্ঠিত হয়। দুই দশক পর আবার রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় এবার দলটি তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।