নিউজ প্রবাসী ডেক্স :
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অভিযুক্ত পলাতক দুই সাবেক সেনাসদস্যকে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার পৃথকভাবে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে রেড নোটিস জারি করা হয়।
রেড নোটিস জারি হওয়া দুই ব্যক্তি হলেন—সাবেক সার্জেন্ট মো. জাহিদুজ্জামান এবং সাবেক সৈনিক মো. শাহীন আলম। তারা দুজনই তনু হত্যা মামলার অভিযুক্ত এবং বর্তমানে পলাতক রয়েছেন।
আন্তর্জাতিক পর্যায়ে তাদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের কাছে সহযোগিতা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে রেড নোটিস জারি করা হয়েছে।
তনু হত্যা মামলার তদন্ত ও পলাতক অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।