নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে কখনও অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয় ৯৫ শতাংশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫ মিনিটে সূর্যোদয় হবে।