নিউজ প্রবাসী ডেক্স :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি। তবে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচার শুরু করেছেন বিএনপির একাধিক নেতা। দলটির বড় চ্যালেঞ্জ এখন প্রতিটি ইউনিয়নে সমন্বয়ের মাধ্যমে একক প্রার্থী নির্ধারণ করা।
রাজশাহী জেলায় মোট ৭২টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এরই মধ্যে জেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির একাধিক নেতা ও সমর্থক প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়ে গণসংযোগ চালাচ্ছেন। কোথাও কোথাও একই পদে তিন থেকে ছয়জন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় এসেছে।
বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নেই চেয়ারম্যান পদে অন্তত ছয়জন বিএনপি নেতা ও সমর্থক মাঠে রয়েছেন। একই উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নেও একাধিক নেতা চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় নেতারা বলছেন, দলীয় পর্যায় থেকে এখনও সুস্পষ্ট নির্দেশনা না থাকায় সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ উদ্যোগে প্রচার চালাচ্ছেন। তবে নির্বাচনের আগে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, বড় রাজনৈতিক দল হওয়ায় একাধিক নেতার প্রার্থী হওয়ার আগ্রহ স্বাভাবিক। তবে দলীয় নির্দেশনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে আলোচনা করে একজন প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের একক প্রার্থী চূড়ান্ত করে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে বলে দলটির নেতারা জানিয়েছেন।
এদিকে, স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তফসিল সেপ্টেম্বরের মধ্যেই ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। পরীক্ষা কার্যক্রমের সময়সূচি বিবেচনায় নভেম্বরের শেষ ভাগ অথবা ডিসেম্বর থেকে ভোট শুরু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts