নিউজ প্রবাসী ডেক্স :
পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে হত্যাকাণ্ডের অভিযোগ; লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ
রাজধানীর সবুজবাগে ঘুমন্ত স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনার পর নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে সবুজবাগ থানার পুলিশ নন্দীপাড়া বড় মসজিদ এলাকার একটি বাসায় অভিযান চালায়।
পুলিশ জানায়, সেখান থেকে ৪০ বছর বয়সী মাহফুজুর রহমানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী রেহেনা আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও পরকীয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে রেহেনা আক্তার এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়লে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়।
জাতীয় জরুরি সেবা বিভাগের জনসংযোগ কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, রেহেনা নামের ওই নারী নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানান। খবর পাওয়ার পর বিষয়টি দ্রুত সবুজবাগ থানায় জানানো হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
সবুজবাগ থানার এসআই হুমায়ূন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত রেহেনা আক্তার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।