নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের ‘গুরু মা’ হিসেবে পরিচিত মৌসুমী নামে এক হিজড়া নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় কালো দাগ পাওয়ায় ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে নগরীর খুলশী থানার শহীদ মিনার কলোনির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৌসুমীর বয়স আনুমানিক ৫৫ বছর।
পুলিশ জানায়, সকালে মৌসুমীর কয়েকজন শিষ্য তার বাসায় গিয়ে গেটটি বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে তারা ভেতরে প্রবেশ করে বিছানায় উপুড় হয়ে থাকা অবস্থায় তাকে দেখতে পান। কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, মৌসুমীর গলায় একটি কালো দাগ রয়েছে। ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।