নিউজ প্রবাসী ডেক্স :
গাজীপুরের কালিয়াকৈরে কভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতদের মধ্যে মা ও ছেলে রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ড ভ্যানটি সড়কের পাশে পড়ে যায়।
এ ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা ও পুলিশ তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।