নিউজ প্রবাসী ডেক্স :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানিয়েছেন।
শনিবার সিলেট নগরের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি এবং এ নিয়ে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ সফর হওয়ার সম্ভাবনা নেই।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কারও চাপে নয়, দেশের চাহিদার কারণেই বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও উড়োজাহাজ কেনা হতে পারে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সম্পৃক্ততা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন। আলোচনার মাধ্যমে এ সম্পর্ক আরও ইতিবাচক পর্যায়ে নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভারসাম্য বজায় রেখে কাজ করছে সরকার। যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি রাশিয়ার সঙ্গেও কার্যকর সম্পর্ক গড়ে তোলার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়েও আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যুক্ত হওয়া প্রয়োজন, সরকার সেখানে সিদ্ধান্ত নেবে।
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির বিষয়ে হুমায়ুন কবির বলেন, অতীতে সিন্ডিকেটের কারণে এ খাতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছে।
মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন