নিউজ প্রবাসী ডেক্স :
দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এসব সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
শনিবার বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় বিভিন্ন সমস্যার উত্তরাধিকার পেয়েছে। স্বৈরাচারী শাসনামল কিংবা অন্তর্বর্তী সরকারের সময় থেকে থাকা এসব সংকট সমাধানে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশে কোনো সমস্যা নেই—এমন দাবি সরকার করছে না। বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানের জন্য কাজ করা হচ্ছে। তবে এসব সমস্যাকে সামনে এনে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
গণতান্ত্রিক ধারা ও নীতি-নৈতিকতা সমুন্নত রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে দেশের আইন অনুযায়ী যেকোনো ধরনের অরাজকতা মোকাবিলা করা হবে। প্রত্যেককে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান তিনি।
আলোচনা সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের সাবেক চেয়ারম্যান খালেদা জিয়াসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।