নিউজ প্রবাসী ডেক্স :
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত এইচ এম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাই কোর্ট।
রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার মামলায় গত ২০ মে ঢাকার একটি আদালত বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তার আইনজীবী আপিলের শর্তে জামিন আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে দুই বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন বিদিশা সিদ্দিক। গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার আপিল গ্রহণ করলেও জামিন আবেদন নাকচ করেন। এরপর চার দিন পর উচ্চ আদালতে জামিন পেলেন তিনি।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে ২০০৮ সালে গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।
অভিযোগে বলা হয়, ২০০১ সালে ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় চুক্তি হয়। পরে বাদী বিদিশার মনোনীত ব্যক্তি আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডারের মাধ্যমে অর্থ পরিশোধ করেন এবং বায়নানামা সম্পন্ন হয়।
চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়। পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি প্রত্যাখ্যাত হয়।
বাদীর অভিযোগ, দীর্ঘ সময়েও তিনি ফ্ল্যাট বা টাকা কোনোটিই ফেরত পাননি। এ ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডিত হওয়ার পর গ্রেপ্তার এবং নিম্ন আদালতে জামিন না পেলেও শেষ পর্যন্ত হাই কোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts