দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ছয় মাসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে, যা হাজারের ঘর ছুঁতে যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ১৫৫, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৫, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৬, খুলনায় ৩৬ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১ হাজার ৪৩ জন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৯৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জনে পৌঁছেছে।
সরকারি তথ্যানুযায়ী, দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে। আর পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৯ হাজার ৬৯৬ জন।
বিশেষজ্ঞরা বলছেন, অনেক শিশুর টিকা না পাওয়া এবং হাম মোকাবিলায় কার্যকর নির্দেশিকা বাস্তবায়নে ঘাটতির কারণে পরিস্থিতি দীর্ঘায়িত হচ্ছে। তাদের মতে, সময়মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে সংক্রমণ এবং মৃত্যু অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts