নিউজ প্রবাসী ডেক্স :
ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কারামুক্ত হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিন প্রশ্নে আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত তার জামিন মঞ্জুর করেন।
চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা দুটি মামলায় এদিন জামিন দেওয়া হয়েছে। একটি মামলায় ভাঙচুর এবং অপরটিতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।
আইনজীবীদের তথ্য অনুযায়ী, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে ধর্মকেন্দ্রিক দুটি সিআর মামলায় তিনি আগে থেকেই জামিনে রয়েছেন। সমসাময়িক সময়ে দায়ের হওয়া ছয় মামলার মধ্যে পাঁচটিতে তিনি জামিন পেয়েছেন। চারটি মামলায় হাইকোর্টের রুল নিষ্পত্তি হয়েছে এবং একটি মামলার শুনানি আপিল বিভাগে অপেক্ষমাণ রয়েছে।
এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটিও চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এ ছাড়া অন্যান্য মামলার আইনি প্রক্রিয়া চলমান থাকায় দুই মামলায় নতুন করে জামিন পেলেও এখনই কারাগার থেকে বের হতে পারছেন না চিন্ময় দাস।
২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কারাগারে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ওই দিন ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর হয়।
সে সময় আদালত এলাকায় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গত ৩ আগস্টও হাইকোর্টের একই বেঞ্চ ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা দুটি মামলায় তাকে জামিন দিয়েছিল।