নিউজ প্রবাসী ডেক্স :
দেশে বর্তমানে প্রায় ১৯ কোটি ১০ লাখ মোবাইল সংযোগ সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মধ্যে ১০ কোটি ৮০ লাখের বেশি সংযোগে ফোরজি সেবা ব্যবহৃত হচ্ছে।
সোমবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে প্রায় ১০ কোটি ইন্টারনেট সংযোগ রয়েছে। পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামোর অংশ হিসেবে ৪৯ হাজারের বেশি ফোরজি সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটারের মতো অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক রয়েছে।
মন্ত্রী বলেন, ভবিষ্যতে শুধু মোবাইল ও ইন্টারনেট সংযোগের সংখ্যা বাড়ানোই সরকারের লক্ষ্য নয়। গ্রাহকদের জন্য উন্নত সেবা, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্য নেটওয়ার্ক এবং কার্যকর ডিজিটাল সংযোগ নিশ্চিত করাই হবে বড় অগ্রাধিকার।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার-হার্ডওয়্যার এবং ফাইভজি প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।