নিউজ প্রবাসী ডেক্স:
রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রোরেল পথে ২৭টি বেয়ারিং প্যাডকে গুরুতর ত্রুটিপূর্ণ বা ‘ক্রিটিক্যাল’ হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রার ফাটল ধরা পড়েছে।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, স্বাধীন নিরাপত্তা অডিটে মোট ৭৩০টি বেয়ারিং প্যাডে ত্রুটি শনাক্ত হলেও সবগুলোকে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়নি। এর মধ্যে ১৪৭টির ত্রুটি অপেক্ষাকৃত কম গুরুতর এবং ২৯৭টির ক্ষেত্রে মূল সমস্যা প্যাড স্থাপন ও কাজের মানসংক্রান্ত।
গুরুতর হিসেবে চিহ্নিত ২৭টি বেয়ারিং প্যাড প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব প্যাড বদলে ফেলার লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
বেয়ারিং প্যাড স্থানচ্যুতির ঝুঁকি রয়েছে এমন ১০টি স্থানে ইতোমধ্যে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২৭টি স্থানে প্যাডের বসে যাওয়ার মাত্রা পর্যবেক্ষণের জন্য ‘সেটেলমেন্ট মার্কার’ বসানো হয়েছে।
অন্যদিকে, ৪৬টি পিয়ারে শনাক্ত হওয়া ফাটলের ঝুঁকি মূল্যায়ন ও মেরামতের পদ্ধতি নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) কাঠামোগত পরামর্শক হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে।
মেট্রোরেলের কাঠামোগত ফাটল নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানোর কাজও চলছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
মেট্রোরেলের স্টেশনগুলোর উপ-বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন কক্ষগুলোতে জলরোধী ব্যবস্থা জোরদারের কাজও চলছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় যাত্রীদের নিরাপদে উদ্ধার এবং নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য জরুরি সেবার লাইভ টেস্টও সম্পন্ন হয়েছে বলে সংসদে জানানো হয়।