নিউজ প্রবাসী ডেক্স :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল (ধর্মঘর) এলাকায় আগুনে ওষুধের গুদামসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিক আহাম্মদ জানান, ভোর ৪টার দিকে দোকান শেডে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে একটি ওষুধের গুদাম, সার ও কীটনাশকের দোকান, মুদি ও চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে থাকা আসবাবপত্রও আগুনে নষ্ট হয়েছে।
ব্যবসায়ী আতুসে মারমা বলেন, ভোরে আগুন লাগায় দ্রুত দোকান ও গুদাম থেকে মালামাল বের করার সুযোগ পাননি তারা। তার দোকানে প্রায় ৩০ লাখ টাকার ওষুধ ছিল বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিক আহাম্মদ বলেন, ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানা গেছে।
আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।