বিনোদন ডেস্ক
বিগ বসের ঘরে থাকাকালে শরীর, ওজন ও কথা বলার ধরন নিয়ে কম ট্রল-বিদ্রুপের শিকার হতে হয়নি অভিনেত্রী শেহনাজ গিলকে। এমনকি তাকে ‘আনপড় গাঁওয়ার’ অর্থাৎ অশিক্ষিত ও অমার্জিত বলেও কটাক্ষ করেছিলেন অনেকে। সেই তিক্ত অভিজ্ঞতা স্মরণ করে এবার মানুষের দ্বিমুখী মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) শেহনাজের বক্তব্য তুলে ধরা হয়।
শেহনাজ বলেন, বিগ বসে থাকার সময় তার শরীর নিয়ে নিয়মিত নানা ধরনের মন্তব্য করা হতো। শুধু ওজন বা শারীরিক গড়নই নয়, তার ভাষা ও কথা বলার ধরন নিয়েও কটাক্ষ শুনতে হয়েছে তাকে।
বিগ বস থেকে বের হওয়ার পর নিজের ওজন কমানোর প্রসঙ্গও উঠে আসে। শেহনাজ জানান, ওজন কমিয়ে তিনি মূলত দেখাতে চেয়েছিলেন—ওজন কমানো অসম্ভব বা অত্যন্ত কঠিন কোনো বিষয় নয়। তবে একই সঙ্গে তার বক্তব্য, কেউ যদি নিজের শরীর নিয়ে স্বচ্ছন্দ থাকেন এবং সেই শরীরেই নিজেকে ভালোবাসেন, তাতেও আপত্তির কিছু নেই।
মানুষের এমন দ্বিমুখী আচরণ নিয়েই যেন তার প্রশ্ন—‘দুনিয়া আসলে কী চায়?’ শেহনাজের মতে, মানুষের প্রত্যাশা পূরণের চেয়ে নিজের শরীর ও মনকে সুস্থ ও স্বস্তিতে রাখাই বেশি গুরুত্বপূর্ণ।