নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
গুলশান থানার পুলিশ জানায়, বেলা পৌনে ১২টার দিকে মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ তা ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। এ সময় মিছিলকারীদের পক্ষ থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন।
ঘটনার পর ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকশ মানুষকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায়। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশের তৎপরতাও ভিডিওতে দেখা গেছে।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ জানিয়েছে, মিছিলের সঙ্গে কারা জড়িত এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।