কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রযুক্তি দুনিয়ায়। উন্নত এআই মডেল তৈরির গতি কিছুটা কমিয়ে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই। তার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
নিজের প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধে আমোদেই বলেন, এআইয়ের সক্ষমতা যেভাবে দ্রুত বাড়ছে, তাতে মানুষের পক্ষে এসব প্রযুক্তিকে বোঝা ও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে। তাই প্রযুক্তির অগ্রগতি থামানো নয়, বরং এর গতি এমন পর্যায়ে রাখা দরকার, যাতে নিরাপত্তা ব্যবস্থা একই সঙ্গে এগিয়ে যেতে পারে।
তার মতে, এআইয়ের অনিয়ন্ত্রিত বিকাশ থেকে মানুষের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি সাইবার হামলা, জৈবসন্ত্রাস এবং বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মতো ঝুঁকিও বাড়তে পারে। সম্প্রতি এআই সিস্টেমের স্বয়ংক্রিয়ভাবে নিজেদের সক্ষমতা বাড়ানোর প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
আমোদেই অবশ্য এআই উন্নয়ন বন্ধ করার কথা বলেননি। তার যুক্তি, প্রযুক্তির অগ্রগতি পুরোপুরি থামিয়ে দিলে এর সম্ভাব্য সুফল থেকে মানুষ বঞ্চিত হতে পারে। একই সঙ্গে উন্নত প্রযুক্তির ক্ষেত্রে অন্য দেশ এগিয়ে যাওয়ার সুযোগও তৈরি হতে পারে।
ঝুঁকি মোকাবিলায় আমোদেই তিন ধরনের উদ্যোগের প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে এআই প্রতিষ্ঠানগুলোতে স্বাধীন মূল্যায়নকারী নিয়োগ, নিরাপত্তা মানদণ্ড তৈরিতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এআই নিরাপত্তা নিয়ে সহযোগিতা। অ্যানথ্রপিক স্বাধীন মূল্যায়নকারীদের কর্মীদের মতো প্রবেশাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।
আমোদেইয়ের বক্তব্যের পর স্যাম অল্টম্যানও এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার সঙ্গে একমত হন। তিনি জানান, ওপেনএআইয়ের অভ্যন্তরীণ আলোচনাতেও সাম্প্রতিক সময়ে এ বিষয়টি গুরুত্ব পেয়েছে। স্বাধীন মূল্যায়নকারীদের এআই সিস্টেমে কর্মীদের মতো প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব বাস্তবায়নের কথাও জানিয়েছেন তিনি,
ইলন মাস্কও আমোদেইয়ের বক্তব্যকে সমর্থন করেছেন। সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় তিনি জানান, আমোদেইয়ের বক্তব্য সঠিক। পরে এআইয়ের ঝুঁকি নিয়ে নিজের আগের সতর্কবার্তাও আবার সামনে আনেন মাস্ক।
এআই উন্নয়নের গতি কমানোর এই আহ্বান এমন এক সময়ে এসেছে, যখন প্রযুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে জটিল কাজ সম্পাদনের দিকে দ্রুত এগোচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনায় এআই-নির্ভর সিস্টেমের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড নিয়েও নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্বেগ বেড়েছে।
এদিকে এআই গবেষক জ্যাকব ককসন সম্প্রতি এই খাতের কাজ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, স্বয়ংক্রিয়ভাবে নিজেদের উন্নত করতে সক্ষম এআই তৈরির প্রতিযোগিতায় মানুষের নিরাপত্তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না।
তবে এআইয়ের উন্নয়ন কতটা ধীর করা হবে, কোন পর্যায়ে নিরাপত্তা যাচাই বাধ্যতামূলক হবে এবং বিভিন্ন কোম্পানি ও দেশের মধ্যে কী ধরনের সমন্বয় তৈরি হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত কোনো কাঠামো তৈরি হয়নি।
প্রযুক্তি বিশ্বের প্রতিদ্বন্দ্বী কয়েকজন প্রভাবশালী ব্যক্তির একই বিষয়ে কাছাকাছি অবস্থান নেওয়া অবশ্য এআই নিরাপত্তা নিয়ে চলমান বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts